দিনাজপুর সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টা পণ্ড

Sep 7, 2026 - 13:09
 0  6
দিনাজপুর সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টা পণ্ড

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। রোববার রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) আওতাধীন দাউদপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি ও গ্রামবাসীদের প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাউকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি, তবে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সীমান্তের ২৮৯/৫১এস ও ২৮৯/৫৬এস সীমানা পিলারের ২০-৩০ গজ ভেতরে ভারতের নিচা গোবিন্দপুর এলাকায় ওই নারী-পুরুষেরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। বিএসএফ রাতের আঁধারে তাঁদের সীমান্ত পার করে দেওয়ার উদ্যোগ নিলে বিষয়টি বিজিবির নজরে আসে এবং দ্রুত স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তা প্রতিহত করা হয়। দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ও সীমান্তবাসীর ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ভারত থেকে আসা দলটি সামনের দিকে এগোতে পারেনি।

দক্ষিণ দাউদপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, কোনো অবস্থাতেই বহিরাগত কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রাম পুলিশ, আনসার সদস্য ও সাধারণ বাসিন্দারা লাঠি হাতে রাতভর সীমান্ত পাহারা দিচ্ছেন। বর্তমানে সীমান্তে অতিরিক্ত সতর্কাবস্থান গ্রহণ করেছে বিজিবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow