এক দশকের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত: প্রীতম হাসান ও শেহতাজের বিচ্ছেদ
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটছে। পারস্পরিক বোঝাপড়ার বড় কিছু পার্থক্যের কারণে উভয়েই ভিন্ন পথে এগিয়ে যাওয়ার যৌথ সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাদা বার্তার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দুজন। পরবর্তীতে প্রথম আলোর সাথে আলাপকালে বিচ্ছেদের বিষ বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজ নিজে।
সামাজিক মাধ্যমে প্রীতম লিখেছেন, ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটি হঠাৎ নেয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা এবং পরিবারের সম্মতি নিয়েই তাঁরা বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রীতম জানান, একে অপরের প্রতি তাঁদের পারস্পরিক সম্মান ও শুভকামনা সবসময় থাকবে। সময়ের সাথে সাথে জীবনের বোঝাপড়ায় যে পার্থক্য তৈরি হয়েছে, সে কারণেই আলাদা হয়ে যাওয়াকেই দুজনের জন্য কল্যাণকর বলে মনে করছেন তাঁরা।
শেহতাজও নিজ ফেসবুক পোস্টে প্রীতমের সুরেই সুর মিলিয়েছেন। প্রায় এক দশকের পরিচয় ও পথচলার পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি দীর্ঘদিনের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। জীবনের এই সংবেদনশীল পরিবর্তনের মুহূর্তে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিসরের প্রতি সম্মান জানানোর জন্য বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন এই তারকা দম্পতি।
প্রীতম ও শেহতাজের প্রথম পরিচয় হয়েছিল ২০১৭ সালে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওর শুটিংয়ের সেটে, যেখানে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। সেই কাজের পরিচয় পরবর্তীতে গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৫ বছর প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি অভিজাত হোটেলে দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বেশ কিছুদিন ধরে সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন চললেও অবশেষে দুজনই আনুষ্ঠানিকভাবে নিজেদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ করলেন।
What's Your Reaction?