সেবায় অনিয়ম, অব্যবস্থাপনা দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

Oct 25, 2026 - 12:28
 0  6
সেবায় অনিয়ম, অব্যবস্থাপনা দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাসেবায় অনিয়ম, অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলার চিত্র দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ চিত্র দেখতে পান। এ সময় হাসপাতালের ডিউটি রোস্টারে অনুপস্থিত ও দেরিতে উপস্থিত হওয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ওয়াশরুম ও টয়লেটের বেহাল দশায় চরম অসন্তোষ প্রকাশ করেন। 

তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রকৌশলীকে ডেকে সিটি করপোরেশনের সহায়তায় ওয়াশরুমগুলো দ্রুত পরিষ্কার ও ফ্ল্যাশ (লোডাউন) মেরামতের নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আগামীকালের (আজ রোববার) মধ্যে ফ্ল্যাশ লাইন সচল করে তাঁকে ভিডিও কল দিয়ে দেখানোর নির্দেশ দেন। তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে যে নজিরবিহীন অব্যবস্থাপনা ও লুটপাট চালানো হয়েছে, তা এক দিনে বা এক মাসে দূর করা সম্ভব নয়। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেড় মাস আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন এখনও আলোর মুখ না দেখায় সাংবাদিকদের তোপের মুখে পড়েন মন্ত্রী। ছুটির কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে কিছুটা বিলম্বিত হয়েছে জানিয়ে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ময়মনসিংহে শিশুমৃত্যুর উচ্চ হার এবং পাঁচ মাস আগে স্থাপন করা ৫ শয্যাবিশিষ্ট পেডিয়াট্রিক আইসিইউ জনবল সংকটের কারণে চালু না থাকার বিষয়টি তুলে 
ধরা হয়। এ সময় সিপ্যাপ সুবিধা ও দ্রুততম সময়ের মধ্যে পিআইসিইউ চালুর আশ্বাস দেন হাসপাতাল-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনবল সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় ফিরে দ্রুত জনবল ঘাটতি পূরণের ব্যবস্থা নেবেন। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ১৫-২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে একটি বৈপ্লবিক টেন্ডার আহ্বান করা হবে। দেশের ১৫০টির অধিক উপজেলায় প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার হবে।

প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম প্রসঙ্গে সমকাল প্রতিবেদকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না। বিদ্যমান ক্লিনিকগুলোর লাইসেন্স, কমপ্লায়েন্স এবং লেবার রুমের মান নিয়মিত মনিটরিং করা হবে। লেবার রুমে অব্যবস্থাপনা বা বিনা চিকিৎসায় কোনো প্রসূতি বা রোগীর মৃত্যুর ঘটনা ঘটলে সেই সমস্ত ক্লিনিক তাৎক্ষণিক সিলগালা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow