রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সফল, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইউনিটটির বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পেলেই বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৫ অক্টোবরের দিকে ইউনিটটির পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর প্রস্তুতি রয়েছে। তবে নির্ধারিত সময়ে এ কার্যক্রম শুরু হওয়া নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে বুধবার পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান।
তিনি জানান, অনুমোদন পাওয়া গেলে প্রথম ইউনিটটি ‘সি স্টেজে’ প্রবেশ করবে। এরপর শুরু হবে পাওয়ার স্টার্টআপের কার্যক্রম। প্রাথমিকভাবে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরবর্তী ধাপগুলো সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে।
এদিকে, প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করেছে রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। রোসাটমের প্রথম উপমহাপরিচালক ও অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে দলটি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।
বৃহস্পতিবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে বৈঠকে প্রতিনিধিদল প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়সহ সার্বিক অগ্রগতি তুলে ধরে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, উৎপাদনক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। চলতি বছরের শেষ দিকে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রত্যাশা রয়েছে। তবে তা নির্ভর করবে পরীক্ষা সম্পন্ন ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ওপর।
What's Your Reaction?