বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা
বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে বাংলাদেশিদের ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে। গত আগস্টে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।
এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য অনুযায়ী, বিদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট বিদেশি ক্রেডিট কার্ড ব্যয়ের ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে দেশটিতে।
এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। এসব দেশে ক্রেডিট কার্ডে ব্যয়ের হার যথাক্রমে ১০ দশমিক ৮৬, ৯ দশমিক ৭৫, ৯ দশমিক ১২ ও ৭ দশমিক ৯৮ শতাংশ।
শুধু বিদেশে নয়, দেশে সামগ্রিক কার্ডভিত্তিক লেনদেনও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত পাঁচ বছরে কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় ১০৩ শতাংশ।
২০২১ সালের সেপ্টেম্বরে দেশে কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়।
একই সময়ে ব্যাংক কার্ডের সংখ্যাও প্রায় ৯৬ শতাংশ বেড়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে দেশে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্টে তা বেড়ে হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টি।
এর মধ্যে ডেবিট কার্ড ৪ কোটি ৮ লাখ ৮৭ হাজার ৮০৪টি, ক্রেডিট কার্ড ২৮ লাখ ৫ হাজার ৪৪৯টি এবং প্রিপেইড কার্ড ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।
তবে সামগ্রিক কার্ড লেনদেন বাড়লেও গত আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে ব্যয় কিছুটা কমেছে। ওই মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। জুলাইয়ে এর পরিমাণ ছিল ৪ হাজার ৩২৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসে কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ।
আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে—১ হাজার ৯৬৯ কোটি টাকা। এছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।
অন্যদিকে বিদেশি কার্ড ব্যবহার করে বাংলাদেশে গত আগস্টে ২৪৯ কোটি টাকা ব্যয় করেছেন বিদেশিরা। আগের মাসের তুলনায় এ ব্যয় বেড়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪ দশমিক ৬৬ শতাংশ।
What's Your Reaction?