দুই যুগ আগের জোড়া খুন ও ডাকাতি মামলা: ১০৪ বছর বয়সী নুর মোহাম্মদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
কিশোরগঞ্জে সংঘটিত দুই যুগ আগের জোড়া হত্যা ও স্বর্ণ-টাকা লুটপাটের ঘটনায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে জামিনের প্রার্থনা করেন তিনি। আসামিপক্ষের আইনজীবী তাঁর বয়স ১০৪ বছর দাবি করে গুরুতর অসুস্থতার গ্রাউন্ডে নিজ খরচে ব্যক্তিগত পরিবহনে কারাগারে যাওয়ার আবেদন করলেও, আদালত সেটিও খারিজ করে দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজার এলাকায় দোকান মালিক মো. ফেরদৌসের দোকানে ডাকাতির সময় মোশাররফ হোসেন ও আ. কবির নামে দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার সময় সিন্দুক ভেঙে সাড়ে ১২ লাখ টাকা এবং ১১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দলটি। পরবর্তী সময়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। ২০০৩ সালের ১৬ নভেম্বর বিচারিক আদালত রায় ঘোষণা করেন এবং ২০০৭ সালে হাইকোর্ট মূল অভিযুক্ত আলমের মৃত্যুদণ্ড বহাল রেখে নুর মোহাম্মদকে ১০ বছরের কারাদণ্ড দেন।
মামলার বিচার চলার এক পর্যায়ে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর জামিন নিয়ে পলাতক হন নুর মোহাম্মদ। রায়ের সময়ও তিনি দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন। আদালতে আসামি পক্ষে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ যুক্তি দেন যে, ১০৪ বছর বয়সী নুর মোহাম্মদ বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তবে রাষ্ট্রপক্ষ ও আদালতের সার্বিক বিবেচনায় জামিন মঞ্জুর না করে বেঞ্চ সহকারী মিজানুর রহমানের উপস্থিতিতে তাঁকে আইনি প্রক্রিয়ায় সরাসরি কারাগারে পাঠানোর নিদের্শ দেওয়া হয়।
What's Your Reaction?