বিপুল সম্ভাবনার মৎস্য খাতে রেকর্ড উৎপাদন: উৎপাদন বাড়লেও প্রবৃদ্ধির হার পাঁচ বছরের সর্বনিম্নে

Sep 7, 2026 - 11:41
 0  3
বিপুল সম্ভাবনার মৎস্য খাতে রেকর্ড উৎপাদন: উৎপাদন বাড়লেও প্রবৃদ্ধির হার পাঁচ বছরের সর্বনিম্নে

দেশের মানুষের প্রয়োজনীয় প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ জোগানদায়ক মৎস্য খাতে সার্বিক উৎপাদন বাড়লেও কাঙ্ক্ষিত হারে বাড়ছে না প্রবৃদ্ধির গতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও মৎস্য অধিদপ্তরের 'ইয়ার বুক অব এগ্রিকালচার স্টাস্টিকস অব বাংলাদেশ-২০২৫' প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেকর্ড ৫১ লাখ ১৯ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হলেও প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে মাত্র ১.৮৫ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির টেকসই ভিত তৈরিতে প্রবৃদ্ধির এই ধারাবাহিক পতন একটি বড় চ্যালেঞ্জ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরে অভ্যন্তরীণ জলাশয় থেকে চাষকৃত মাছের উৎপাদন বাড়লেও ব্লু-ইকোনমি বা সামুদ্রিক মৎস্য আহরণ মারাত্মকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৪৬ লাখ ২১ হাজার মেট্রিক টন মোট উৎপাদনের (সামুদ্রিক ৬.৮১ লাখ টন) বিপরীতে প্রবৃদ্ধি ছিল ২.৬২ শতাংশ। এরপর ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন ও প্রবৃদ্ধি উভয়ই বেড়ে যথাক্রমে ২.৯৮ ও ৩.২৮ শতাংশে দাঁড়ায়। তবে ২০২৩-২৪ অর্থবছরে ৫০ লাখ ১৮ হাজার টন মাছ উৎপাদনের মাইলফলক স্পর্শ করলেও প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ২.১১ শতাংশে। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে চাষের মাছের অবদানে উৎপাদন ৫১ লাখ টন ছাড়ালেও সামুদ্রিক মাছের উৎপাদন নেমে এসেছে ৫.৬৮ লাখ মেট্রিক টনে, যার সরাসরি প্রভাব পড়েছে সার্বিক প্রবৃদ্ধিতে।

খাতসংশ্লিষ্ট ও শেকৃবির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. কাজী আহসান হাবীবের মতে, বাণিজ্যিক মৎস্য চাষে প্রযুক্তির ছোঁয়া লাগলেও খাদ্য, পোনা, ওষুধ ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে চাষের খরচ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এছাড়া পরিবেশ দূষণ, অনিয়মিত বৃষ্টিপাত ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যের কারণে ইলিশসহ দেশীয় প্রজাতি ও সামুদ্রিক মাছের প্রজননক্ষেত্র বিনষ্ট হচ্ছে। পাশাপাশি সমুদ্রে মাত্র ২০০ মিটার গভীরতার মধ্যে অতিরিক্ত মাছ শিকারের কারণে সামুদ্রিক মৎস্য সম্পদ কমছে, যা গভীর সমুদ্রে নতুন অনুসন্ধানের ঘাটতিকেই স্পষ্ট করে। এই সংকট কাটিয়ে উঠতে মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীণ) ড. মো. মোতালেব হোসেন নিশ্চিত করেছেন যে প্রবৃদ্ধির ঘাটতি মেটাতে ও গভীর সমুদ্রের সম্ভাবনা কাজে লাগাতে সরকার বেশ কিছু নতুন সমন্বিত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow