ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না ইলিশ

Sep 9, 2026 - 11:46
 0  5
ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না ইলিশ

ভরা বর্ষা মৌসুমে ইলিশের প্রাচুর্যে সরগরম থাকার কথা থাকলেও লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় অঞ্চলের আড়ত ও মাছঘাটগুলোতে নেমে এসেছে চরম নিস্তব্ধতা। লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিসহ মেঘনা উপকূলের প্রায় ৪০ হাজার জেলে রাত-দিন নদীতে জাল ফেলে আশানুরূপ মাছ না পেয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। নৌকার জ্বালানি তেল, বরফ, খাবার ও শ্রমিকের আকাশচুম্বী খরচ তুলতে গিয়ে হিমশিম খাওয়া এসব জেলের অনেকেই এখন দাদনের টাকা শোধ ও সংসার চালানো নিয়ে চিন্তিত। জলবায়ু পরিবর্তন, নদীর নাব্য সংকট, দূষণ ও অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মাছের বিচরণ ও প্রজনন ব্যাহত হওয়াকে এই আকালের বড় কারণ মনে করছেন ভুক্তভোগীরা।

মাছের সরবরাহ অস্বাভাবিক কমে যাওয়ায় জেলার রায়পুর, মজুচৌধুরীর হাট, বয়ারচর, আলেকজান্ডারসহ প্রায় ৪০টি বরফকল ও ১৫-২০টি বড় আড়তজুড়ে কর্মচাঞ্চল্যে বড় ধরনের ভাটা পড়েছে। আড়তদারদের তথ্যমতে, গত বছরের এই সময়ে প্রতিদিন শত শত টন মাছ ঘাট থেকে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হলেও এবার তা নেমে এসেছে এক-তৃতীয়াংশে। মাছের এই তীব্র সংকটের সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় খুচরা বাজারেও; বর্তমানে এক কেজি ওজনের মেঘনার ইলিশ বিক্রি হচ্ছে ২,৭০০ থেকে ২,৯০০ টাকায় এবং ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২,২০০ থেকে ২,৪০০ টাকা কেজি দরে। তবে জেলা মৎস্য কার্যালয়ের মতে, সাম্প্রতিক ভাটার কারণে নদীতে ইলিশের সাময়িক অভাব দেখা দিলেও জোয়ার শুরু হলে আবারও আশানুরূপ ইলিশ মিলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow