সরকারি সেবা ও ব্যবসা সহজ করতে অটোমেশন ও ডিজিটালাইজেশনের বিকল্প নেই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী
সরকারি দপ্তরে সরাসরি শারীরিক উপস্থিতিমুক্ত সেবাব্যবস্থা গড়ে তোলা গেলে দুর্নীতি ও সময় অপচয় দুটোই অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিমের আওতায় গ্রাহকদের ডিজিটাল লেনদেন সহজীকরণে ‘ডায়নামিক বাংলা কিউআর’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, আধুনিক ও গতিশীল করতে হলে ডিজিটালাইজেশন, ক্যাশলেস লেনদেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বাত্মক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
ব্যবসায়িক পরিচালন খরচ কমানো ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, বন্দর ও বিমানবন্দরসহ সার্বিক বাণিজ্য অবকাঠামোয় যত বেশি অটোমেশন আনা সম্ভব হবে, ব্যবসায়ীদের হয়রানি ও বিলম্ব তত হ্রাস পাবে। ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃসংযোগ সক্ষমতার মাধ্যমে আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হলে বাণিজ্য সহজীকরণ ত্বরান্বিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোর্শেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহাম্মদ, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরীসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?