অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর আশঙ্কাজনক বিস্তার
অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর সংক্রমণ আশঙ্কাজনক রূপ নেওয়ায় দেশের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী চরম হুমকির মুখে পড়েছে। সম্প্রতি সাউথ অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকায় অর্ধশতাধিক সামুদ্রিক পাখির মৃত্যু ও প্রথমবারের মতো লোকালয়ে বিচরণকারী গাঙচিলের দেহে ভাইরাসটি শনাক্ত হওয়ায় এটি ডাঙ্গার বন্যপ্রাণী ও খামারগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি মূল্যায়নে বলা হয়েছে, এই ফ্লুর প্রভাবে অন্তত পাঁচটি প্রজাতি বিলুপ্ত হতে পারে এবং তাসমানিয়ান ডেভিল, ডলফিন ও সিলসহ শতাধিক স্তন্যপায়ী ও পাখি প্রজাতির সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেতে পারে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরিবেশবাদী সংগঠনগুলো ২০০ মিলিয়ন ডলারের জরুরি তহবিলের দাবি জানিয়েছে। মহামারি বিশেষজ্ঞদের মতে, ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে জিনগত পরিবর্তন আনা এই ভাইরাসটি প্রজনন মৌসুমে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পোলট্রি শিল্পে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি বন্য প্রাণী ও খাঁচাবন্দী বিপন্ন প্রজাতি রক্ষায় ৪৭ মিলিয়ন ডলারের বিশেষ প্রকল্পের অধীনে প্রতিষেধকের ট্রায়াল শুরু করেছে অস্ট্রেলীয় সরকার।
What's Your Reaction?