নিউইয়র্কে ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল বিক্রি হলো ৫৬০ কোটি টাকায়

Oct 28, 2026 - 12:18
 0  5
নিউইয়র্কে ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল বিক্রি হলো ৫৬০ কোটি টাকায়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হয়েছে ডাইনোসরের একটি জীবাশ্ম কঙ্কাল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৫৬০ কোটি টাকা। ‘জোডি’ নামে পরিচিত কঙ্কালটির নিলাম-পূর্ব আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৯০ লাখ ডলার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সোথবিতে কঙ্কালটি বিক্রি হয়। প্রায় ১২ মিনিট ধরে ছয়জন আগ্রহী ক্রেতার মধ্যে দর-কষাকষির পর সর্বোচ্চ দরদাতা এটি কিনে নেন। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রাথমিকভাবে কঙ্কালটিকে টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স প্রজাতির অল্পবয়স্ক ডাইনোসরের বলে মনে করা হয়েছিল। তবে পরবর্তী গবেষণায় এটিকে ‘ন্যানোটাইরানাস’ নামে স্বতন্ত্র একটি প্রজাতির অন্তর্ভুক্ত হিসেবে শনাক্ত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্কালটির উচ্চতা প্রায় তিন মিটার। এতে জীবাশ্মে পরিণত হওয়া ১৯১টি হাড়ের অংশ রয়েছে। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে জোডি পিয়ারসন নামের এক ব্যক্তি এটি আবিষ্কার করেন। পরে ক্লেটন ফিপসের নেতৃত্বে কঙ্কালটির খননকাজ সম্পন্ন হয়।

ডাইনোসরের জীবাশ্ম বিক্রির ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ দামে বিক্রির ঘটনা। এর আগে ‘গাস’ নামে পরিচিত একটি টি-রেক্সের কঙ্কাল ৫ কোটি ১০ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০৪ কোটি টাকা। অন্যদিকে, ‘এপেক্স’ নামে পরিচিত একটি স্টেগোসরাসের কঙ্কাল বিক্রি হয়েছিল ৪ কোটি ৪৬ লাখ ডলারে, যার মূল্য প্রায় ৫২৯ কোটি টাকা।

তবে গুরুত্বপূর্ণ ডাইনোসরের জীবাশ্ম ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে বিক্রি হওয়া নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তাঁদের আশঙ্কা, ব্যক্তিগত মালিকানায় চলে গেলে গবেষণার প্রয়োজনে এসব জীবাশ্মের নাগাল পাওয়া কঠিন হতে পারে। অন্যদিকে, এ ধরনের নিলাম জীবাশ্ম সংরক্ষণ এবং জনসাধারণের সামনে প্রদর্শনের নতুন সুযোগ তৈরি করতে পারে বলেও মনে করেন অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow