বেসামরিক চাকরির প্রলোভনে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ জাতিসংঘের
বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে বিজনেস ভিসায় বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে যাওয়ার পর জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। রাশিয়ার বেসামরিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ভিসা নিয়ে দেশটিতে পৌঁছানোর পর তাদের রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, আরও ২৮টি দেশ থেকে প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে তরুণ-যুবকদের নিয়োগের জোরালো প্রমাণ পেয়েছে ইউক্রেনবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন বলেছে, বিভিন্ন দেশে সক্রিয় এজেন্ট ও নিয়োগকারী সংস্থার সঙ্গে যোগসাজশে রুশ কর্তৃপক্ষ এভাবে মানবপাচার করেছে। চাকরির আশ্বাসে রাশিয়ায় নেওয়া ব্যক্তিদের ইউক্রেনের সম্মুখসমরে মোতায়েন করে বিপজ্জনক দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের অনেকে নিহত হয়েছেন কিংবা নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশিদের নেওয়া হয়েছে বিজনেস ভিসায়
কমিশন জানিয়েছে, বাংলাদেশ থেকে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিজনেস ভিসার অনুলিপি তাদের হাতে এসেছে। এসব ভিসায় উল্লেখ রয়েছে, রাশিয়ার একটি বেসামরিক প্রতিষ্ঠান তাদের আমন্ত্রণ জানিয়েছে। তবে বাংলাদেশ থেকে ঠিক কতজনকে এভাবে নেওয়া হয়েছে কিংবা তাদের কতজন নিহত বা নিখোঁজ হয়েছেন, প্রতিবেদনের উদ্ধৃত অংশে সে তথ্য উল্লেখ করা হয়নি।
দেশ ও অঞ্চলভেদে নিয়োগকারী চক্র ভ্রমণের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছিল। বাংলাদেশিদের বিজনেস ভিসা দেওয়া হলেও কেনিয়ার নাগরিকদের দেওয়া হয়েছিল দুই সপ্তাহ থেকে চার মাস মেয়াদি পর্যটন ভিসা। অথচ তাদেরও কাজের কথা বলে রাশিয়ায় নেওয়া হচ্ছিল। অন্যদিকে, ডমিনিকান রিপাবলিক, কলম্বিয়া ও পেরুর নাগরিকদের তুরস্ক বা রাশিয়ায় পর্যটনের কাগজপত্র ব্যবহার করে ভিসা ছাড়াই যাত্রা করতে বলা হয়েছিল।
চাকরির প্রস্তাবে রাজি হওয়ার পর অনেককে কয়েক দিনের মধ্যেই রওনা হওয়ার জন্য চাপ দেওয়া হতো। এজেন্টরা ভিসা, বিমানের টিকিট ও আবাসনসহ যাত্রার যাবতীয় ব্যবস্থা করত। অঞ্চলভেদে এ জন্য ৪০০ থেকে ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত কমিশন নেওয়া হতো। এই অর্থ যাত্রার আগে পরিশোধ করতে হতো অথবা পরবর্তী বেতন থেকে কেটে নেওয়ার কথা বলা হতো।
চাকরি, নাগরিকত্ব ও আবাসনের প্রলোভন
প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগীদের কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে চাকরির জন্য যোগাযোগ করেছিলেন। আবার কাউকে সরাসরি নিয়োগকারী এজেন্ট বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। নিরাপত্তাকর্মী, গাড়িচালক, মেকানিক, ইলেকট্রিশিয়ান, নির্মাণশ্রমিক, ওয়েল্ডার ও টেকনিশিয়ানসহ বিভিন্ন বেসামরিক পেশায় কাজ দেওয়ার কথা বলা হয়েছিল তাদের।
কিছু ক্ষেত্রে ব্যক্তির দক্ষতা অনুযায়ী তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, খেলাধুলা কিংবা কৃষিতে কাজের প্রস্তাব দেওয়া হয়। নিজ দেশে পেশাদার খেলোয়াড় হিসেবে কাজ করা এক ব্যক্তি কমিশনকে জানান, রাশিয়ায় বিদেশি খেলোয়াড় নেওয়া হচ্ছে বলে তাঁর এক সহকর্মী তাঁকে একজন এজেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁকে বলা হয়েছিল, রাশিয়ায় গিয়ে প্রস্তাব পছন্দ হলে তবেই চুক্তিতে সই করতে পারবেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁকে সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
চাকরির পাশাপাশি উচ্চ বেতন, রুশ নাগরিকত্ব, আরামদায়ক আবাসন ও চাকরি শেষে পেনশনের মতো নানা সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কাউকে ভবিষ্যৎ বাসস্থানের ছবি বা ক্যাটালগও দেখানো হয়। রাশিয়ায় কাজের সুযোগকে উন্নত জীবনের পথ হিসেবে তুলে ধরা হয়েছিল।
কমিশনকে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের বেশির ভাগই জানিয়েছেন, বেসামরিক চাকরির আশ্বাসে যাদের নেওয়া হয়েছিল, তাঁদের আগে সামরিক অভিজ্ঞতা ছিল না। কাজের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়ার সম্পর্ক থাকতে পারে, এমন সন্দেহও তাঁদের হয়নি। কিছু ক্ষেত্রে সামরিক বাহিনীর জন্য কাজ করার কথা বলা হলেও আশ্বস্ত করা হয়েছিল, দায়িত্ব হবে পুরোপুরি বেসামরিক—যেমন রান্না, গাড়ি চালানো, নির্মাণকাজ কিংবা নিরাপত্তার দায়িত্ব পালন।
বিশ্বাস অর্জনে ব্যবহার করা হয়েছে সরকারি কাগজপত্র
প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া ব্যক্তিদের অনেকে দরিদ্র পরিবারের সদস্য ছিলেন। কেউ বেকার ছিলেন, আবার কেউ আর্থিক সংকটে ভুগছিলেন। উচ্চ আয়ের আশায় তাঁরা এসব প্রস্তাবে রাজি হন।
নিয়োগকারীদের আশ্বাস, বিদেশে কাজের আগের ভালো অভিজ্ঞতা এবং একই চাকরি করছেন বলে দাবি করা অন্য ব্যক্তিদের বক্তব্য তাঁদের আস্থা বাড়িয়েছিল। কোনো কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান সরকারি ছাড়পত্রও দেখিয়েছিল। আবার পরিচিত ব্যক্তি, এমনকি রাশিয়ায় ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমন নিজ দেশের একজন রাজনীতিকের মাধ্যমেও কেউ কেউ চাকরির প্রস্তাব পেয়েছিলেন।
কিছু চাকরিপ্রার্থী রাশিয়ার বেসামরিক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছিলেন। নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে ওই প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে যাওয়ার জন্য নিজ দেশের কর্তৃপক্ষের ছাড়পত্রও ছিল তাঁদের কাছে।
কমিশন এ ক্ষেত্রে ৩০ জনের একটি দলের উদাহরণ দিয়েছে। তাঁদের আমন্ত্রণপত্রের সঙ্গে চাকরির নিশ্চয়তাপত্র দেওয়া হয়েছিল। তাতে আশ্বাস দেওয়া হয়েছিল, তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না কিংবা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনে অভিযানে অংশ নিতে হবে না।
অথচ কমিশনের তথ্য অনুযায়ী, ওই দলের ১৭ জন সম্মুখসমরে নিহত হয়েছেন এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। আহত হওয়ার পর একজন দেশে ফিরতে পেরেছেন। তবে দলটির সদস্যরা কোন দেশের নাগরিক, প্রতিবেদনের উদ্ধৃত অংশে তা উল্লেখ করা হয়নি।
রাশিয়ায় পৌঁছানোর পর চুক্তিতে সইয়ের চাপ
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় পৌঁছানোর পর চাকরিপ্রার্থীদের রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রুশ ভাষায় লেখা চুক্তিতে সই করতে বাধ্য করা হয়। অনেকের ফোন ও পাসপোর্ট জব্দ করা হয়েছিল। বেসামরিক চাকরির বদলে রুশ সশস্ত্র বাহিনীতে কাজ করতে হবে জেনে তাঁরা হতবাক হয়ে পড়েন।
এভাবে নিয়োগ পাওয়া এক ব্যক্তির স্ত্রী কমিশনকে বলেন, ‘তারা তার পাসপোর্ট নিয়ে নেয়। এরপর শুধু বলে, চুক্তির এখানে, এখানে আর এখানে সই করো। পুরোটা রুশ ভাষায় ছিল। তাকে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছিল। তার আর কোনো উপায় ছিল না।’
পরে এসব ব্যক্তিকে ইউক্রেনের সম্মুখসমরে পাঠিয়ে বিপজ্জনক দায়িত্ব দেওয়া হয়। তাঁদের নিহত, নিখোঁজ, আহত কিংবা বন্দি হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের ওপর দীর্ঘস্থায়ী মানসিক প্রভাব পড়েছে। স্বজনদের সন্ধান পেতে পরিবারগুলোকে নিরন্তর চেষ্টা চালাতে হচ্ছে।
এজেন্টদের সঙ্গে রুশ কর্তৃপক্ষের যোগসাজশের অভিযোগ
কমিশনের হাতে পাওয়া সাক্ষ্য ও নথি অনুযায়ী, নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিভিন্ন দেশ হয়ে রাশিয়ায় নেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এজেন্টরা তাঁদের সঙ্গে যাত্রা করেছে কিংবা যাত্রাবিরতির স্থানে দেখা করেছে। বিমানবন্দরে শনাক্ত হওয়ার ঝুঁকি এড়াতে কাউকে আগে সড়কপথে প্রতিবেশী দেশে গিয়ে সেখান থেকে উড়োজাহাজে উঠতে বলা হয়েছিল।
কমিশনের দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে সক্রিয় এজেন্টদের সঙ্গে রুশ কর্তৃপক্ষের উচ্চমাত্রার যোগসাজশ ছিল। এসব এজেন্ট ও এজেন্সি নিজেদের বৈধ কিংবা সরকার-অনুমোদিত ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিত। তারা দলবদ্ধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের ভিসা ও ভ্রমণের কাগজপত্র তৈরি করত।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি দেশের সরকার তাদের নাগরিকদের রুশ বাহিনীতে নিয়োগের বিষয়টি স্বীকার করেছে এবং নিয়োগচক্র নিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে, রুশ কর্মকর্তারা বিভিন্ন সময়ে অবৈধ নিয়োগের অভিযোগ প্রকাশ্যে অস্বীকার করেছেন।
তবে সংগৃহীত সাক্ষ্য ও নথির ভিত্তিতে কমিশন সিদ্ধান্তে পৌঁছেছে, রুশ কর্তৃপক্ষ মানবপাচারসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত।
What's Your Reaction?