আজ ইউপি ভোটের সময় জানাবে ইসি

Oct 12, 2026 - 14:04
 0  7
আজ ইউপি ভোটের সময় জানাবে ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে কবে ভোট হবে, তা সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ কমিশন সভায় বসেছে সংস্থাটি।

সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। সভায় অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে ইসির উপসচিব শাহ্ আলম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সভার আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ, পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদন বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ও রয়েছে। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে। আমাদের কমিশন সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করব-নির্বাচনটি কয় স্লটে হবে এবং কবে কবে হবে।

তিনি আরও বলেন, ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। মাঠ পর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন শুধু নির্বাচনের স্লটগুলো জানিয়ে দেবে। শুরুতে যে সময়সীমার কথা বলা হয়েছিল, আশা করা হচ্ছে, সেই সময়ের মধ্যেই সব স্লটের নির্বাচন শেষ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow