টিকিট যার, ভ্রমণ তার নিশ্চিতে স্টেশনে ম্যাজিস্ট্রেট

Oct 11, 2026 - 13:57
 0  6
টিকিট যার, ভ্রমণ তার নিশ্চিতে স্টেশনে ম্যাজিস্ট্রেট

অনলাইনে রেলের টিকিট উন্মুক্ত করার পর মুহূর্তেই বিক্রি হয়ে যাওয়ার ঘটনায় সিলেটে স্বপ্রণোদিত হয়ে আদালতের মামলার পর এবার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগামী সোমবার থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেট রেলওয়ে স্টেশনে থাকবেন ম্যাজিস্ট্রেট। টিকিটের সাথে যাত্রীর নামের তথা এনআইডির মিল থাকতে হবে। টিকিটে অসংগতি পেলে যাত্রীর যাত্রা বাতিল করা হবে। 

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের টিকিট কালোবাজারির কবল থেকে রক্ষা করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি গত বৃহস্পতিবার রাতে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব তথ্য জানান। ওই সময় চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ট্রেনের টিকিট নিয়ে অনিয়ম ও অসংগতির বিষয়টি প্রত্যক্ষ করেন।

জেলা প্রশাসক জানান, আগামী সোমবার থেকে টিকিটের নাম ও যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল না থাকলে যাত্রীকে যেতে দেওয়া হবে না। কেউ যদি সিলেট থেকে ঢাকা বা অন্য কোথাও যেতে চান, তাহলে অবশ্যই তার টিকিটের সাথে এনআইডি কার্ডের নাম মিলতে হবে। গত বৃহস্পতিবার রাতে কিছু যাত্রীর টিকিটের সাথে এনআইডির নাম মিল পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসক।

সম্প্রতি ট্রেনের টিকিট উন্মুক্ত হওয়ার পর মুহূর্তের মধ্যে বিক্রি হওয়ার বিষয়টি নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে মামলা করেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান। গত বুধবার মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।  বিষয়টি জানাজানি হলে এক দিনের মাথায় জেলা প্রশাসক সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করে তাদের পক্ষ থেকে নেওয়া উদ্যোগের কথা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow