ডেভেলপারদের জন্য মাইক্রোসফটের নতুন প্ল্যাটফর্ম ‘প্রজেক্ট জেনিথ’

Sep 6, 2026 - 10:59
 0  6
ডেভেলপারদের জন্য মাইক্রোসফটের নতুন প্ল্যাটফর্ম ‘প্রজেক্ট জেনিথ’

উইন্ডোজ ১১-এ ডেভেলপার ও কোডারদের কাজের অভিজ্ঞতাকে আরও ঝামেলাহীন, দ্রুত এবং কোডিং-বান্ধব করতে ‘প্রজেক্ট জেনিথ’ (Project Zenith) নামে একটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত এই সেবাটিকে প্রতিষ্ঠানটি ‘রেডি-টু-কোড’ এবং ‘ডিসট্র্যাকশন-ফ্রি’ উইন্ডোজ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করছে। এর ফলে নতুন অপারেটিং সিস্টেম সেটআপের পর ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে বিভিন্ন ডেভেলপমেন্ট টুল ও সেটিংস কনফিগার করার জটিলতা দূর হবে, কারণ প্রয়োজনীয় মৌলিক টুলসমূহ আগে থেকেই সিস্টেমে রেডি থাকবে।

প্রজেক্ট জেনিথ মূলত অন্তত ৬৪ জিবি ইউনিফায়েড মেমোরি এবং প্রতি সেকেন্ডে ২৫০ জিবি বা তার বেশি মেমোরি ব্যান্ডউইথ সমৃদ্ধ উচ্চ ক্ষমতার ‘ডেভেলপার-ক্লাস’ ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। শুরুতে এএমডি-র (AMD) রাইজেন এআই হেলো চিপসেটযুক্ত ডিভাইসে এই সুবিধা পাওয়া যাবে, তবে আগামীতে অন্যান্য প্রসেসর ও ওএইচএম (OEM) ব্র্যান্ডগুলোতেও এটি বিস্তৃত হবে। এই উচ্চ সক্ষমতার প্রধান লক্ষ্য হলো ক্লাউড সংযোগ ও ব্যয়বহুল টোকেন-নির্ভরতা ছাড়াই কম্পিউটারে স্থানীয়ভাবে (Locally) ৩০ বিলিয়ন বা তার বেশি প্যারামিটারের বড় বড় এআই মডেল চালানো নিশ্চিত করা।

ডেভেলপারদের সুবিধার্থে এই সিস্টেমে ভিজ্যুয়াল স্টুডিও কোড, গিটহাব কপাইলট, পাওয়ারটয়েজ, উইন্ডোজ টার্মিনাল এবং উইনঅ্যাপসিএলআই-এর (WinAppCLI) মতো গুরুত্বপূর্ণ সফটওয়্যার ও রানটাইম পরিবেশ ডিফল্ট হিসেবে ইনস্টল ও টাস্কবারে যুক্ত থাকবে। এছাড়া উইন্ডোজের সাধারণ সেটিংস পরিবর্তন করে ফাইল এক্সপ্লোরারে ফাইলের এক্সটেনশন, হিডেন ফাইল এবং ফুল পাথ প্রদর্শন চালুর পাশাপাশি কমান্ড প্যালেট ডিফল্টভাবে সক্রিয় রাখা হয়েছে। তবে বিরক্তি দূর করতে স্টার্ট মেনুর টিপস, সাম্প্রতিক ফাইল সাজেশন ও অ্যাকাউন্টের নোটিফিকেশনগুলো বন্ধ রাখা হয়েছে। লিনাক্স ব্যবহারকারীদের জন্য 'উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স' (WSL) আরও শক্তিশালী করা হয়েছে, যা লিনাক্স কনটেইনার সরাসরি চালনায় সাহায্য করবে। মাইক্রোসফট স্পষ্ট করেছে যে এটি কোনো বাধ্যবাধকতা তৈরি করবে না, বরং ডেভেলপাররা সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে নিজেদের পছন্দমতো কোডিং পরিবেশ সাজিয়ে নিতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow