তুরস্কে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ১১
তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন। রবিবার (১১ অক্টোবর) দেশটির মানিসা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের আকহিসার টোল প্লাজার কাছে বাসটির সঙ্গে কাঠবোঝাই একটি টো ট্রাকের সংঘর্ষ হয়। স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় মানিসা গভর্নরের কার্যালয়। পরে জরুরি উদ্ধারকারী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় বাসটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের পর টো ট্রাকটিও উল্টে যায়। ঘটনাস্থলের ছবিতে দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে।
দুর্ঘটনার পর বাসচালককে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের দেশের নাগরিক বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তবে নিহত বা আহত ব্যক্তিদের মধ্যে বিদেশি পর্যটক রয়েছেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
মানিসার গভর্নর ওয়াহদেত্তিন ওজকান জানিয়েছেন, সরকারি কৌঁসুলির কার্যালয়ের সমন্বয়ে দুর্ঘটনার তদন্ত ও উদ্ধার-সংক্রান্ত কার্যক্রম চলছে। কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে।
What's Your Reaction?