বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কমানো ও স্বচ্ছতার দাবি
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অযৌক্তিক টিউশন ফি কমানো, ট্রাস্টি বোর্ডে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সব প্রতিষ্ঠানে অভিন্ন গ্রেডিং সিস্টেম চালুর দাবিতে সোচ্চার হয়েছে ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আন্দোলন’। সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের নির্বাহী বিভাগের প্রতি এই ৩ দিনের আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে কঠোর রাজপথের কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হাসিবুল হোসেন শান্ত অভিযোগ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী টিউশন ফি নির্ধারণের যে নির্দেশনা রয়েছে, তা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই অমান্য করছে। শিক্ষা ব্যয় সংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি ক্রেডিটে প্রকৃত ব্যয় ২,০০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে হলেও প্রতিষ্ঠানভেদে তা ৮,০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের তদারকির অভাবে অতিরিক্ত ফি আদায়ের এই সংস্কৃতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতোপূর্বে পাঠানো আইনি নোটিশের জবাব না পাওয়ায় বিষয়টি নিষ্পত্তিতে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার জন্য দীর্ঘ সময় ব্যয় হওয়ায় শিক্ষার্থীদের তাৎক্ষণিক আর্থিক চাপ থেকে সুরক্ষায় নির্বাহী বিভাগকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার দাবি জানানো হয়।
What's Your Reaction?