কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইন’ নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জনই বাংলাদেশি নাগরিক। নিহত বাংলাদেশিদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
মঙ্গলবার রাত ২টার দিকে ঘনবসতিপূর্ণ ও অত্যন্ত ব্যস্ত এই নিউ মার্কেট এলাকার হোটেলটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবনটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত আহত ও দগ্ধদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ৯ জনকে মৃত ঘোষণা করেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করেছে। কলকাতার বাংলাদেশি মিশন নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
What's Your Reaction?