চার দেশে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক, সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৭ আগস্ট) রাতে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সম্পৃক্ততার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এসব প্ল্যাটফর্মে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন ধরনের কনটেন্ট অনেক সময় আইনি ও অন্যান্য জটিলতার কারণ হতে পারে।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বাংলাদেশিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস। কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে সেটির উৎস ও সত্যতা যাচাই করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত, যা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক কিংবা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে। একইসঙ্গে এমন কোনো বক্তব্য বা কনটেন্ট থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যা সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন হিসেবে ব্যাখ্যা করা হতে পারে।
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় দেশের আইন ও বিধিবিধানের প্রতি যথাযথ সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি স্থানীয় আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় রেখে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তিকে সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। একইসঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা এবং ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশিকে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল, সংযত, সম্মানজনক এবং আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।
What's Your Reaction?