দুই দশকের বন্ধন ছিঁড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী

Sep 1, 2026 - 10:53
 0  0
দুই দশকের বন্ধন ছিঁড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২০ বছরের ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার থেকে অনির্ধারিত ট্রান্সফার ফি-র বিনিময়ে এই ২৮ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারকে এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে শেফিল্ড। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে হামজাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর কথা নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

হামজার সঙ্গে শেফিল্ডের সম্পর্ক অবশ্য একেবারেই নতুন নয়। গত ২০২৪/২৫ মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে খেলতে এসে ১৬টি লিগ ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখান তিনি। শেফিল্ডকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে তিনি বড় অবদান রেখেছিলেন, যদিও ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল দলটির। হামজার এই বহুমুখী খেলার ক্ষমতার প্রশংসা করে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, হামজা রাইট-ব্যাক পজিশনের পাশাপাশি বিভিন্ন ভূমিকায় খেলতে পারদর্শী এবং প্রথম স্পেলের প্লে-অফ সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে সে দলের সেরা পারফরমারদের একজন ছিল।

লেস্টার সিটির একাডেমিতে বেড়ে ওঠা হামজা মূল দলের হয়ে ১১ মৌসুমে ১৬৬টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ক্লাবটির ২০১৫-১৬ মৌসুমের রূপকথাসম ঐতিহাসিক প্রিমিয়ার লিগ জয় এবং ২০২১ সালে চেলসিকে হারিয়ে এফএ কাপ জয়ের স্মৃতিময় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। চলতি মৌসুমেও লেস্টারের হয়ে ৩টি ম্যাচ খেলার পর শেফিল্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নেন তিনি।

বিদায়বেলায় দীর্ঘদিনের স্মৃতি স্মরণ করে হামজা জানান, ২০ বছরের পুরোনো লেস্টার ছাড়াটা তাঁর ও পরিবারের জন্য অনেক বড় পরিবর্তন হলেও এই নতুন চ্যালেঞ্জের জন্য তিনি পুরোপুরি মুখিয়ে আছেন। পূর্বে ওয়াটফোর্ড এবং শেফিল্ডে কাজ করায় কোচ ক্রিস ওয়াইল্ডারের কৌশলের প্রতি তাঁর গভীর আস্থার কথা প্রকাশ করেন এবং শেফিল্ড ইউনাইটেডে নিজের সেরাটা দিয়ে বড় একটি সফল মৌসুম উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow