দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান

Oct 11, 2026 - 13:22
 0  3
দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীতে মশকবিরোধী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে দুই সিটি করপোরেশন। গতকাল শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সব ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালায়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। দুই সিটি করপোরেশনের প্রশাসকরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ডিএনসিসি জানায়, শনিবার মোহাম্মদপুর বছিলা উচ্চ বিদ্যালয় মাঠে ডিএনসিসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, মিরপুর ১০ নম্বরের ফুটপাতে হকার উচ্ছেদ ও অবৈধ দখলের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে। মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে মোহাম্মদপুরবাসী ডিএনসিসির পাশে থেকে কাজ করবে এবং এডিস মশার লার্ভা ধ্বংসে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাবে।
অন্যদিকে, প্রতি শনিবার ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ডিএসসিসি। এ কর্মসূচিতে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘সপ্তাহে অন্তত এক দিন নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে এবং প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলে ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না।’ এ সময় ডিএসসিসির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বামীবাগে বস্ত্র বিতরণ
স্বামীবাগ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। এ সময় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা নয়, বরং মানুষ হিসেবে সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow