দেশের সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসে দেশের সাতটি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি রাখা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতরের দেওয়া সারাদেশের ২৪ ঘণ্টার সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
What's Your Reaction?