নভেম্বরে গ্রিডে বিদ্যুৎ দিতে চায় রূপপুর

Oct 15, 2026 - 13:38
 0  3
নভেম্বরে গ্রিডে বিদ্যুৎ দিতে চায় রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে আগামী বছরের জুনের মধ্যে জ্বালানি লোডিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠকে রূপপুর প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক ভৌত পরীক্ষা ও ক্রিটিক্যালিটি পরীক্ষা শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ইউনিটের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী বছরের জুনের মধ্যে এ ইউনিটে জ্বালানি লোডিংয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে প্রকল্পের নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক তুলে ধরে বলা হয়, রূপপুর তৃতীয় প্রজন্মের আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মান বজায় রেখে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর কাজ চলছে।

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য খাতেও পারমাণবিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। এ ছাড়া দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজও চলমান রয়েছে।

বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনের আগ্রহ বাড়াতে স্কুল-কলেজ পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করা হয়। নতুন প্রযুক্তি ও পণ্য উদ্ভাবনের পাশাপাশি সেগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow