এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের সাফল্যের রাতে হেরে বিদায় নিল পুলিশ এফসি
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তৃতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে একই দিনে মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি হলো বাংলাদেশের দুই প্রতিনিধি। মঙ্গলবার বিকেলে ঘরের মাঠ ঢাকার কিংস অ্যারেনায় কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের টিকিট নিশ্চিত করে ইতিহাস গড়ে ফর্টিস এফসি। তবে এর কয়েক ঘণ্টা পরই জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে সিরিয়ার শক্তিশালী ক্লাব আল ইত্তিহাদ আহলি আলেপ্পোর কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে পুলিশ এফসিকে।
জর্ডানে অনুষ্ঠিত ম্যাচটির শুরু থেকেই বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে সিরিয়ান ক্লাব আল আহলি আলেপ্পো। ম্যাচের প্রথম ৪৫ মিনিট ধরে পুলিশের রক্ষণভাগে উপর্যুপরি চাপ তৈরি করলেও গোলের দেখা পেতে তাদের প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৪৪তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্ডান রদ্রিগেজ পুলিশের রক্ষণ ফাঁকি দিয়ে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন। শেষ পর্যন্ত এই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ শাণায় পুলিশ এফসি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আলেপ্পোর জমাট রক্ষণভাগ ভেদ করে সমতায় ফেরা সম্ভব হয়নি। অন্যদিকে আলেপ্পোও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পুলিশের গোলরক্ষক ও রক্ষণের দৃঢ়তায় তারা দ্বিতীয় গোলের দেখা পায়নি। ফলে একমাত্র গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় এশিয়ার মঞ্চে প্রথমবারের মতো খেলতে নামা পুলিশকে।
নিয়ম অনুযায়ী ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেওয়ার কথা ছিল। তবে গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনীর ওপর ফিফার দলবদল সংক্রান্ত নিষেধাজ্ঞা থাকায় তারা ক্লাব লাইসেন্সিংয়ের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। সেই সুযোগে লিগে তৃতীয় হওয়া ফর্টিস এফসি এবং চতুর্থ স্থানে থাকা পুলিশ এফসি ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করে মহাদেশীয় এই প্রতিযোগিতায় খেলার ঐতিহাসিক সুযোগ লাভ করে।
What's Your Reaction?