গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৫ জন গ্রেপ্তার

Oct 8, 2026 - 16:29
 0  8
গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৫ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা অগ্রণী ব্যাংকের শাখা থেকে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ব্যাংকের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীনগর শাখার ব্যবস্থাপক শরীফউদ্দিন (৩৯), সাবেক ক্যাশ অফিসার জিন্নাহ হোসেন (৩৪), বেসরকারি নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ (৩০), আব্দুল হাই (৪২) এবং অগ্রণী ব্যাংকের দীঘিরপাড় শাখার ব্যবস্থাপক রেজাউল হক (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল শ্রীনগর শাখায় তদন্ত চালায়। তদন্ত শেষে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে একই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকা থেকে শ্রীনগর শাখার সিনিয়র সহকারী ব্যবস্থাপক শরীফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রাহকদের আত্মসাৎ করা অর্থের প্রকৃত পরিমাণ নির্ধারণে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তিন সদস্যের একটি অডিট কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে অডিট কার্যক্রম চলছে। অডিট শেষ না হওয়া পর্যন্ত আত্মসাৎ করা অর্থের প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, অর্থ আত্মসাতের অভিযোগটি দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় সংস্থাটিও বিষয়টি তদন্ত করছে। তদন্ত ও অডিটের মাধ্যমে আত্মসাৎ করা অর্থের পরিমাণ, অর্থের অবস্থান এবং ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানা যাবে।

সম্প্রতি শরীফুজ্জামান সোহাগ আত্মগোপনে যাওয়ার পর গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ২২ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা ব্যাংকটিতে ভিড় করতে শুরু করেন। টাকা ফেরতের দাবিতে তারা মানববন্ধন ও মিছিলও করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow