চিকিৎসকের অবহেলায় পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

Oct 8, 2026 - 16:38
 0  4
চিকিৎসকের অবহেলায় পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখেই সেলাই দেওয়ার চিকিৎসাগত অবহেলার শিকার হয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫)। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিথী আক্তার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধার পাড়ার বাসিন্দা মো. রাকিবুল ইসলামের স্ত্রী। মর্মান্তিক এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নিহতের স্বামী।

নিহতের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিথীর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অভিযোগ রয়েছে, অস্ত্রোপচারকারী চিকিৎসকদের চরম দায়িত্বহীনতায় তার পেটের ভেতরেই গজ রেখে সেলাই সম্পন্ন করা হয়। অস্ত্রোপচারের পর থেকেই অসহ্য পেটে ব্যথা ও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন বিথী। অবস্থার ক্রমাগত অবনতি ঘটলে প্রায় দুই মাস পর পুনরায় অস্ত্রোপচার চালিয়ে তার পেট থেকে গজ বের করা হয়। কিন্তু ততদিনে তার অন্ত্রে মারাত্মক সংক্রমণ ও জটিলতা তৈরি হয়।

পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয়। সেখানে বাইপাস সার্জারিসহ একাধিক জটিল চিকিৎসা দেওয়া হলেও শেষরক্ষা হয়নি। টানা চিকিৎসার ধকল ও যন্ত্রণায় ৬১ কেজি ওজনের সুস্থ-সবল বিথীর ওজন কমে মাত্র ৩৮ কেজিতে নেমে আসে। সদ্যজাত সন্তানকে বুকে জড়িয়ে ধরা কিংবা মাতৃদুগ্ধ পান করানোর সুযোগটুকুও পাননি তরুণী এই প্রসূতি।

নিহতের স্বামী রাকিবুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "চিকিৎসকদের ভয়াবহ ভুলের কারণে আমার স্ত্রীর জীবন গেল। চিকিৎসার পেছনে আমরা দ্বারে দ্বারে ঘুরে সর্বস্বান্ত হয়েছি। ভুল চিকিৎসায় জড়িত চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

ঘটনায় গভীর শোক প্রকাশ করে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চিকিৎসায় এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।" তিনি আরও জানান, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোপূর্বে বিথীর পরিবার ও তার নবজাতক সন্তানের খোঁজখবর নেওয়া হয়েছে।

চিকিৎসকদের চরম দায়িত্বহীনতায় মা হারানো অবুঝ শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow