ফুটবল মৌসুম পেছানোর দাবি অধিকাংশ ক্লাবের, নির্ধারিত সময়ে শুরুর পক্ষে বাফুফে
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনুশীলন শুরু করতে না পারা এবং শীর্ষ ক্লাবগুলোর ওপর ফিফার ট্রান্সফার ব্যান (নিষেধাজ্ঞা) না ওঠার অজুহাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অধিকাংশ ক্লাব ফুটবল মৌসুম পেছানোর দাবি জানিয়েছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনই চূড়ান্ত দিনক্ষণে কোনো পরিবর্তন আনতে রাজি নয়।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ১৩টি ক্লাবের প্রতিনিধিদের আয়োজিত এক সভায় মৌসুম পেছানোর এই দাবি ওঠে। ফর্টিস ফুটবল ক্লাব ও বাংলাদেশ পুলিশ এফসি ছাড়া বাকি ক্লাবগুলো পেছানোর পক্ষে মতামত দেয়। ফর্টিস ও পুলিশ এফসির যুক্তি— তারা অনেক আগেই এএফসি ও ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু করেছে, ফলে মৌসুম পিছালে তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
অন্যদিকে, বড় দুই ক্লাব— বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড এখনো ফিফার নিষেধাজ্ঞা তুলতে পারেনি। বিশেষ করে বসুন্ধরা কিংসের ওপর এখনো ১০টি নিষেধাজ্ঞা থাকায় তাদের প্রতিনিধি ক্লাবের লাইসেন্সিং ও খেলোয়াড় নিবন্ধনের জন্য আরও সাত কর্মদিবস সময় চেয়েছেন। লাইসেন্সিংয়ের শেষ সময় ১৯ আগস্ট এবং দলবদলের উইন্ডো ৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত।
পরিস্থিতি নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, নির্ধারিত সময়ে খেলা শুরুর যে ক্যালেন্ডার বাফুফে দিয়েছে, আপাতত তা বহাল থাকবে। আগস্টের শেষ থেকেই তারা ফেডারেশন কাপ ও লিগ শুরু করতে চান। ১৯ আগস্টের পরেই জানা যাবে ঠিক কতটি দল দলবদল সম্পন্ন করতে পেরেছে, তবে বাফুফে এখনও পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ীই ফুটবল মৌসুম শুরু করার পক্ষে অবস্থান নিয়েছে।
What's Your Reaction?