রাফীর ‘আন্ধার’ সিনেমার মুক্তি নিয়ে ধোঁয়াশা

Sep 23, 2026 - 15:08
 0  4
রাফীর ‘আন্ধার’ সিনেমার মুক্তি নিয়ে ধোঁয়াশা

অক্টোবরে পূজা উপলক্ষে রায়হান রাফীর ‘আন্ধার’ মুক্তির কথা ছিল। সে অনুযায়ী পোস্টার প্রকাশের পর ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারও। সিনেমাটি সেপ্টেম্বরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা জানিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু মাস শেষ হতে চললেও জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অক্টোবরে মুক্তির বিষয়েও এখন আর নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউ। ফলে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে ‘আন্ধার’ অক্টোবরে মুক্তি পাচ্ছে না—এমন আলোচনা চলছে। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সিনেমাটির গল্প ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সিনেমার সব ঘোষণা আনুষ্ঠানিকভাবে এসেছে। এটিও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না, জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।

অক্টোবরে ‘আন্ধার’ মুক্তির পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু হয়েছিল। মাসখানেক নির্মাতা রায়হান রাফী সামাজিক মাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করছিলেন। সেগুলো নিয়ে দর্শকদের মধ্যে আলোচনাও হয়। ৩ সেপ্টেম্বর প্রকাশিত টিজারেও রাখা হয়েছে রহস্যময় আবহ, চরিত্রগুলোর লুক ও বেশ কিছু চমকপ্রদ দৃশ্য। কোনো সংলাপ না থাকলেও দেখা গেছে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মন্‌ওয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের। সিয়ামের কয়েকটি অ্যাকশন দৃশ্যও রয়েছে টিজারে।

‘আন্ধার’–এর টিজারে সিয়াম। ভিডিও থেকে ‘আন্ধার’ নিয়ে আগ্রহের বড় কারণ এর হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মিত না হওয়ায় রায়হান রাফীর এই আয়োজন নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তাঁদের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা এসেছে।

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ বাংলাদেশের হরর ঘরানার বড় বাজেটের সিনেমাগুলোর একটি। এতে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে এসব কাজ করা হয়েছে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।
তবে ঘোষিত অক্টোবরেই সিনেমাটি মুক্তি পাবে কি না, সেই উত্তর এখনো মেলেনি। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই তাই থাকতে হচ্ছে দর্শকদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow