লজ্জা’র সেট ছাড়লেন ফারিয়া, সংবাদকর্মীদের ক্ষোভ প্রকাশ
জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘লজ্জা’র শুটিং সেট থেকে সাংবাদিকদের সাক্ষাৎকার না দিয়েই আচমকা স্থান ত্যাগ করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রযোজক আবদুল আজিজের আমন্ত্রণে সকালে উত্তরার দিয়াবাড়িতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন উপস্থিত সংবাদকর্মীরা।
পেটের অসুখের অজুহাত দেখিয়ে ফারিয়া দ্রুত সেট ছাড়ায় এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের সততা নিয়ে প্রশ্ন তোলায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পেশাদার সাংবাদিকরা।
আজ শনিবার সকাল আটটায় নির্ধারিত সময়েই উত্তরার দিয়াবাড়িতে হাজির হন গণমাধ্যমকর্মীরা। শুরুতে সাংবাদিকদের শুটিংয়ের একটি দৃশ্যে ব্যবহার করেন পরিচালক এম এইচ খোকন। সংবাদকর্মীরাও পেশাদারত্বের খাতিরে তা হাসিমুখে মেনে নেন।
কিন্তু বাঁধ সাধে ফারিয়ার সাক্ষাৎকার পর্ব! সকালে স্বাভাবিকভাবে শুটিং করলেও সাক্ষাৎকার দেওয়ার সময় আসতেই পেটে ব্যথার অজুহাতে দ্রুত সেট ত্যাগ করেন নুসরাত ফারিয়া।
ঘটনার পর উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে বিতর্কিত এক বার্তা দেন ফারিয়া। শুটিং স্পটে যাওয়ার আগে প্রযোজক ও শিল্পীদের উদ্দেশ্য যাচাই করার পরামর্শ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, সাংবাদিকদের কি সাক্ষাৎকার নাকি নিজেদের প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে?
ফারিয়ার এমন অনাকাঙ্ক্ষিত আচরণে অবাক প্রযোজক আবদুল আজিজ নিজেও। নিজের ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ করে জাজ-কর্ণধার বলেন, ‘শিল্পীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন—এটা খুবই স্বাভাবিক নিয়ম, তাই আলাদা করে ফারিয়ার অনুমতি নেওয়া হয়নি।’
জানা গেছে, জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় ‘লজ্জা’সিনেমায় ফারিয়ার পাশাপাশি অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। বাকি শিল্পীদের নাম এখনও সামনে আনেনি প্রযোজনা সংস্থা।
What's Your Reaction?