‘সংস্কার প্রশ্নে বিএনপি সরকার ভূতের মতো পেছনে হাঁটছে’: এনসিপির গোলটেবিল বৈঠকে বক্তারা

Aug 19, 2026 - 13:37
 0  4
‘সংস্কার প্রশ্নে বিএনপি সরকার ভূতের মতো পেছনে হাঁটছে’: এনসিপির গোলটেবিল বৈঠকে বক্তারা

গুম প্রতিরোধ ও জাতীয় মানবাধিকার কমিশন আইনসহ সার্বিক রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে ‘ভূতের মতো পেছনের দিকে হাঁটছে’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনসিপি সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ খসড়া আইন ২০২৬: আইনি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে বক্তারা অভিযোগ করেন, গণভোটে অনুমোদিত ‘জুলাই জাতীয় সনদ’ ও বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কাজ না করে সরকার জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করছে। গুমের তদন্তভার পুনরায় পুলিশের ওপর ছেড়ে দেওয়া এবং মানবাধিকার কমিশনের বাছাই কমিটিতে সরকারের একচ্ছত্র প্রভাব রাখার মতো প্রস্তাবিত খসড়া আইনের তীব্র সমালোচনা করেন তারা।

অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, "বিএনপি তাদের প্রতিশ্রুতি ও জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে। তারা ভূতের মতো পেছনের দিকে হাঁটছে—তারা কি ভূত হয়েছে, নাকি ভূতে ধরেছে?" বিচার বিভাগ, গুম কমিশন ও মানবাধিকার কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের অধীনে না নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিতের ওপর জোর দেন। অন্য বক্তারা সতর্ক করে বলেন, প্রস্তাবিত খসড়া আইন বাস্তবায়িত হলে দেশে মানবাধিকার সুরক্ষায় বিগত দিনে অর্জিত অগ্রগতি আবারও হাতছাড়া হয়ে যাবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হুসাইনের সঞ্চালনায় গোলটেবিলে দলটির সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ, জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার তানিম হোসেন শাওন ও সাবেক গুম বিষয়ক গবেষক ড. নাবিলা ইদ্রিস প্রমুখ বক্তব্য দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow