স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক: দুই দিনে আমানতকারীরা তুললেন ৫৮১ কোটি টাকা
পাঁচটি সংকটাপন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে শুরু করেছে। আমানতকারীদের বকেয়া অর্থ পরিশোধের দ্বিতীয় দিন, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যাংকটি থেকে ৭,৮৯৬ জন গ্রাহক মোট ৩২৭ কোটি টাকা উত্তোলন করেছেন। প্রথম দিন সোমবারে ৫,৫৩২ জন গ্রাহকের তোলা ২৫৪ কোটি টাকাসহ গত দুই দিনে মোট ১৩,৪২৮ জন গ্রাহক ৫৮১ কোটি টাকা ফেরত পেলেন।
টাকা ফেরতের পাশাপাশি ব্যাংকটিতে অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমেও গতি এসেছে। গত ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত প্রায় ৭৪ হাজার আবেদনের বিপরীতে ৩,৯২৫ কোটি টাকার দাবি জমা পড়ে। কোনো গ্রাহক যেন খালি হাতে না ফেরেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নতুন এই ব্যাংকটিকে ৫,০০০ কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তা বরাদ্দ দিয়েছে। বর্তমানে দেশের ৭৬১টি শাখার মাধ্যমে ব্যাংকটির সমন্বিত পেমেন্ট ও সেবা কার্যক্রম সফলভাবে চালু রয়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামের এস আলম গ্রুপ ও নাসা গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ অনিয়ম ও লুটপাটের চিত্র উঠে আসে। আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় তৎকালীন অন্তর্বর্তী সরকার এই ব্যাংকগুলোর পূর্বের সব শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করে রাষ্ট্রায়ত্ত মালিকানায় এনে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। গত ফেব্রুয়ারিতে নতুন দায়িত্ব নেওয়া বিএনপি সরকারও এই ব্যাংকটির পুনর্গঠন ও পুনরুজ্জীবনের ধারাবাহিকতা বজায় রেখে কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
What's Your Reaction?