ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উদ্বোধন
রাজধানীর সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা সুগম করতে বহুলপ্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট (দীপ)-এর ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনবিশিষ্ট এবং প্রতিটি ৩.১৭ কিলোমিটার দীর্ঘ দুটি সার্ভিস সেতু সর্বসাধারণের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সেতু দুটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের যানজটমুক্ত সরাসরি যোগাযোগ নিশ্চিতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারমূলক প্রকল্প। বিগত সময়ে প্রকল্পটি দীর্ঘস্থবিরতার মধ্যে পড়লেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে এর কাজ ত্বরান্বিত করেছে। তিনি জানান, সাড়ে তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ সন্তোষজনক গতি পেয়েছে এবং ইতোমধ্যে সার্বিক ভৌত অগ্রগতি প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশে উন্নীত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এক্সপ্রেসওয়ের আরও একটি অংশ যান চলাচলের জন্য তৈরি হবে এবং আগামী এক বছরের মধ্যে পুরো এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সমাপ্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম নিশ্চিত করেন যে, তুরাগ নদীর স্বাভাবিক নাব্য ও পানি প্রবাহ অক্ষুণ্ণ রাখতে নির্মিত এই দুটি সার্ভিস সেতুতে কোনো প্রকার টোল প্রদান করতে হবে না; সাধারণ যানবাহনগুলো সম্পূর্ণ টোলমুক্তভাবে এটি ব্যবহার করতে পারবে। উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও এস এম জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সভাপতি চি উয়েসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ধউর-আশুলিয়া অংশের এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়। মূল ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ১০.৮৩৪ কিলোমিটার র্যাম্প, ১৬.৫৮ কিলোমিটার অ্যাট-গ্রেড সড়ক এবং বাইপাইল ট্রাম্পেট ইন্টারচেঞ্জসহ মোট ৭.৪২ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু অন্তর্ভুক্ত রয়েছে। নতুন সার্ভিস সেতু দুটি চালুর ফলে তুরাগ পারাপারে দীর্ঘদিনের যানজট কমে আশুলিয়া ও শিল্পাঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহনে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে।
What's Your Reaction?