ফিফার কাছে রেফারির বিরুদ্ধে ম্যাচ কারচুপির অভিযোগ মিশরের

Jul 8, 2026 - 13:34
 0  7
ফিফার কাছে রেফারির বিরুদ্ধে ম্যাচ কারচুপির অভিযোগ মিশরের

ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছে মিশর। এবার বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। অভিযোগে ম্যাচের সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ফিক্সিংয়ের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো চিঠিতে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে এবং তার সহকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের ধরন নিয়ে আপত্তি জানান। অভিযোগে বলা হয়েছে, মিশরের একটি পরিষ্কার গোল বাতিল করা হয়েছে এবং একটি সম্ভাব্য পেনাল্টির আবেদনও আমলে নেওয়া হয়নি। ফেডারেশনের দাবি, এসব সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

মিশরের পক্ষ থেকে বিতর্কিত সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি বিষয়গুলো খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ফ্রাঁসোয়া লেটেক্সিয়েকে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অনুরোধও করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তাদের অভিযোগ, আর্জেন্টিনার জয়ে রেফারি ও তার কর্মকর্তাদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

এদিকে ম্যাচের পর মিশরের খেলোয়াড় এবং কোচিং স্টাফরাও রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বাতিল হওয়া গোলের মালিক মোস্তফা জিকো রেফারির সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। প্রধান কোচ হোসাম হাসানও দাবি করেন, ম্যাচে কিছু সিদ্ধান্ত একপেশে ছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বাণিজ্যিক কারণে ফিফা আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতে আগ্রহী।

বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। মিশরের এই অভিযোগ আবারও বিশ্ব ফুটবলে রেফারিংয়ের মান ও নিরপেক্ষতা নিয়ে আলোচনা শুরু করেছে।

তবে মিশরের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow