বিচার বিভাগের প্রতি শেখ হাসিনা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, ভারত তা করতে দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা বাংলাদেশের বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং ভারত সরকার তাঁকে সেই সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক পরবর্তী এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে বিশ্ব সম্প্রদায় এবং ভারত সরকার বাংলাদেশের সমগ্র রাষ্ট্রীয় কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচার বিভাগ কর্তৃক আদালতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ড প্রদান করা হয়েছে। আইন অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত আসামির কারাগারে থাকার কথা এবং আত্মপক্ষ সমর্থনের কোনো বক্তব্য থাকলে তা আদালতের মাধ্যমেই উপস্থাপন করা সমীচীন। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বাংলাদেশের কোনো সাংবিধানিক স্তম্ভকে অবমাননা না করার বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে বলে তিনি জানান।
দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতা চাওয়া হয়েছে এবং এ বিষয়ে ভারত ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি ওসমান হাদী হত্যাকাণ্ডের কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ভারতে গ্রেফতার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় সকল নথিপত্র ভারত সরকারকে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অভিযুক্তদের দ্রুততম সময়ে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জোর আহ্বান জানিয়েছে সরকার।
What's Your Reaction?