ব্যাংক খাতে সবচেয়ে বেশি খেলাপি বাণিজ্য-ব্যবসা খাতে, ঝুঁকিতে বড় শিল্পও

Sep 30, 2026 - 12:25
 0  3
ব্যাংক খাতে সবচেয়ে বেশি খেলাপি বাণিজ্য-ব্যবসা খাতে, ঝুঁকিতে বড় শিল্পও

দেশের ব্যাংক খাতে খাতভিত্তিক খেলাপি ঋণের হারে শীর্ষে উঠে এসেছে বাণিজ্য ও ব্যবসা খাত। ২০২৬ সালের জুন প্রান্তিক শেষে এই খাতে মোট বিতরণ করা ঋণের ৪৪.১ শতাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে। অন্যদিকে ব্যাংকগুলোর মোট ঋণের সিংহভাগ কেন্দ্রীভূত থাকা শিল্প, নির্মাণ ও পরিবহন খাতগুলোতেও খেলাপির প্রবণতা আশঙ্কাজনকভাবে ঊর্ধ্বমুখী।

বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং সেক্টর আপডেট, জুন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১,৮০৮.৬ হাজার কোটি টাকা। এর মধ্যে সার্বিক খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩৩.২ শতাংশে, যা আগের প্রান্তিক অর্থাৎ মার্চের ৩২.৭ শতাংশের চেয়ে ০.৫ শতাংশীয় পয়েন্ট বেশি। তবে ২০২৫ সালের জুনের ৩৪.৬ শতাংশের তুলনায় বার্ষিক ভিত্তিতে খেলাপি ঋণের হার ১.৪ শতাংশীয় পয়েন্ট কমেছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকের মোট ঋণের ৩২.৮ শতাংশ বাণিজ্য ও ব্যবসা খাতে গেছে, যেখানে খেলাপির হার সর্বোচ্চ ৪৪.১ শতাংশ। দেশের মোট ব্যাংক ঋণের সবচেয়ে বড় ৪৪ শতাংশের অংশীদার শিল্প খাত হলেও এতে খেলাপির হার বেড়ে হয়েছে ৩২.৫ শতাংশ। নির্মাণ খাতে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ ২৭.৭ শতাংশ থেকে বেড়ে ৩২.৫ শতাংশে ঠেকেছে। আর পরিবহন খাতে খেলাপি ঋণের হার বেড়ে ২৯.৭ শতাংশে পৌঁছেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে কৃষি, মৎস্য ও বন খাতে (খেলাপি কমে ২৮.৪%) এবং ভোক্তা অর্থায়নে (খেলাপি কমে ৬.৬%)।

ঋণের আকার ও প্রতিষ্ঠানের ধরনের ভিত্তিতেও বড় ঋণে উচ্চঝুঁকির চিত্র পাওয়া গেছে। ব্যাংক খাতের মোট ঋণের ৬০ শতাংশই এককভাবে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের কাছে পুঞ্জীভূত, যেখানে খেলাপির হার ৩৯.৬ শতাংশ। এছাড়া ৪০ থেকে ৫০ কোটি টাকার ঋণ শ্রেণিতে খেলাপির হার সর্বোচ্চ ৪৬.৪ শতাংশ এবং ৫০ কোটি টাকা বা তদূর্ধ্ব ঋণে এই হার ৪৩.৪ শতাংশ। কুটিরশিল্পে খেলাপি ৪৬.২ শতাংশ হলেও সেখানে মোট ঋণের অংশ অতি সামান্য (০.২%)। অন্যদিকে ১ কোটি টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণে খেলাপির হার সর্বনিম্ন ১৫ শতাংশে সীমাবদ্ধ রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow