কৃষি উৎপাদন সচল রাখতে বিপুল পরিমাণ নন-ইউরিয়া সার আমদানির অনুমোদন দিল সরকার
কৃষি মৌসুমে সার সরবরাহ সুনিশ্চিত করা এবং অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে বিপুল পরিমাণ নন-ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বেসরকারিখাতের ৪৪টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ২০ হাজার টন নন-ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশের সঙ্গে জিটুজি চুক্তির আওতায় সরাসরি আন্তর্জাতিক বাজার থেকেও সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে তিন ধরনের নন-ইউরিয়া সার দেশের বাজারে আনা হবে। এর মধ্যে প্রতি টন ৯৩৮ ডলার দরে ১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ লাখ টন ডিএপি সার আমদানিতে ব্যয় হবে প্রায় ৪৭ কোটি টাকা। অন্যদিকে প্রতি টন ৩৯৯ ডলার দরে ১৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টন এমওপি সার আমদানিতে ৮.৭৮ কোটি টাকা এবং প্রতি টন ৭৫৬ ডলার দরে ১০টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২ লাখ টন টিএসপি সার আমদানিতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
বেসরকারি খাতের এই বৃহৎ অনুমোদনের পাশাপাশি জিটুজি চুক্তির আওতায় সরাসরি সরকারি পর্যায়েও সার আমদানির সিদ্ধান্ত হয়েছে। প্রাক্কলন অনুযায়ী মরক্কো থেকে ৮০ হাজার টন ডিএপি, সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া এবং রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আনা হবে। অর্থমন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় সূত্র আশা প্রকাশ করেছে যে এই যৌথ উদ্যোগের ফলে প্রান্তিক পর্যায়ে চাষিরা সময়মতো ও ন্যায্য মূল্যে কৃষিকাজের প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।
What's Your Reaction?