হরমুজ সংকটে বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়াল কাতারএনার্জি
মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে গ্যাস পরিবহন পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের জন্য নির্ধারিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিলের সময়সীমা অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে কাতারএনার্জি। ব্লুমবার্গ ও রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, চলতি সপ্তাহে কাতারএনার্জির পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট ক্রেতাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আংশিক শুরু হলেও এলএনজি ট্যাঙ্কার চলাচল এখনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংকট কতটা ঘনীভূত তা ফুটে উঠেছে রয়টার্সের পরিসংখ্যানে—যেখানে গত বছরের এই সময়ে কাতার ৫০৯টি এলএনজি কার্গো রফতানি করেছিল, সেখানে চলতি সময়ে তা ৯৬ শতাংশ কমে মাত্র ১৮টিতে নেমে এসেছে। কাতারএনার্জি এমনকি ইউরোপের জ্বালানি সরবরাহ চুক্তিতেও 'ফোর্স মেজর' বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিজনিত অজুহাত দেখিয়ে ইতালির প্রতিষ্ঠান এডিসনসহ একাধিক ইউরোপীয় গ্রাহকের জন্য সরবরাহের সময়সীমা আগামী নভেম্বরের শুরু পর্যন্ত স্থগিত করেছে।
তেলের মতো এলএনজি জাহাজে বিকল্প রুট বা শিপ-টু-শিপ স্থানান্তরের কার্যকর সুযোগ না থাকায় মধ্যপ্রাচ্যের এই দীর্ঘায়িত সংকট সরাসরি আঘাত হানছে কাতারের ওপর নির্ভরশীল দেশগুলোতে। পেট্রোবাংলার প্রধান এলএনজি সরবরাহকারী দেশের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে গ্যাস সরবরাহ ব্যবস্থার ওপর নতুন করে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা সামগ্রিক জ্বালানি নিরাপত্তাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
What's Your Reaction?