৮ বছর পর দেশে সাফ চ্যাম্পিয়নশিপ: রিজার্ভ বা অনূর্ধ্ব-২৩ দল পাঠাতে চায় ভারত
প্রায় আট বছর পর দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ ফিরছে বাংলাদেশে। তবে ঢাকার মাটিতে আয়োজিত দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরে নিজেদের মূল দল না পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ঢাকার এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভারতের মূল দল না পাঠানোর প্রধান কারণ সূচির সাংঘর্ষিকতা। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে, আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এ সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় জাতীয় ফুটবল দলের। ভারত ফুটবল ফেডারেশন ওই হাই-প্রোফাইল প্রীতি সিরিজটিকে ঢাকায় সাফের আসরের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি সিরিজের জন্য নিজেদের সেরা ও মূল স্কোয়াডটি পাঠাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। অন্যদিকে, ঢাকার সাফে ভারতের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামানো হতে পারে মূল দলের বাইরের বিকল্প খেলোয়াড় নিয়ে গঠিত অনূর্ধ্ব-২৩ কিংবা একটি রিজার্ভ দল।
ভারতের জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল চান, সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যেন দেশের সেরা ফুটবলাররাই মাঠে নামেন। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলাটি দলের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য বেশি সহায়ক বলে মনে করেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে খালিদ জামিল বলেন, "যখন ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব এলো, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গেই একমত হয়েছি।"
ভারতের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের আমেজে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। টুর্নামেন্টের গ্রুপিং অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন ভারত ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে, ‘বি’ গ্রুপে আয়োজক বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান।
What's Your Reaction?