ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর এক দিনে সর্বোচ্চ ১০ জন করে মারা গিয়েছিলেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেলাসহ) ৮৯৯ জন, বরিশাল বিভাগের ২১৭ জন, চট্টগ্রামের ২৪১ জন, খুলনার ২৫০ জন, ময়মনসিংহের ৯৭ জন, রাজশাহীর ২২৯ জন, রংপুরের ১১২ জন এবং সিলেটের ২৬ জন রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬ হাজার ৪১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।
মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে জানুয়ারিতে ডেঙ্গুতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৮৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৭৬ জন, চট্টগ্রামে ৩৯ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৯ জন, রাজশাহীতে ২৭ জন, রংপুরে ৭ জন এবং সিলেটে ৩ জন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে, আর বাকি ছয় শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৩২ শিশুর মধ্যে এবং ৬৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা ১ হাজার ২৯৫।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৪০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। বাকি ১ হাজার ১৩৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ শিশু। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪১ শিশুর শরীরে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৩২৫ জনে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মারা যাওয়া সাত শিশুর মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি ঢাকার বাসিন্দা। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া এ বিভাগে ৬৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
What's Your Reaction?