ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার টিপসই নিয়ে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাটুলী গ্রামে এক নিরক্ষর বিধবা নারীকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টিপসই ও এনআইডি (NID) সংগ্রহ করে জাল এফিডেভিট ও কাবিননামা তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। প্রায় ১২ বছর আগে স্বামীহারা এই নারীকে প্রতিনিয়ত বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় স্থানীয় আব্দুল কুদ্দুছ ও আব্দুস ছাত্তার নামের এক ব্যক্তি কৌশলে প্রতারণার মাধ্যমে আড়াই লাখ টাকা দেনমোহরে জাল কাবিননামা তৈরি করেন। জাল সনদে নিজেকে স্বামী দাবি করে এলাকায় প্রচার শুরু করলে সামাজিক ও মানসিকভাবে লাঞ্ছনার শিকার হন পাঁচ সন্তান ও নাতনির জননী ওই হতদরিদ্র নারী।
ঘটনার পর ভুক্তভোগী নারী স্থানীয় মসজিদের ইমাম ও সভাপতির কাছে বিচার দাবি করলে গ্রামে সালিশ ডাকা হয়। তবে প্রধান অভিযুক্ত ছাত্তার সালিশে অনুপস্থিত থাকেন। তদন্তে জানা যায়, কাবিননামায় উল্লিখিত কাজীর সিল-স্বাক্ষর জাল করা হয়েছে এবং কাবিনে নাম থাকা দুই সাক্ষীও জানিয়েছেন—টাকার বিনিময়ে এ কাজ করা হলেও তারা এ বিয়ের বিষয়ে কিছুই জানতেন না। এ ঘটনায় স্থানীয় আব্দুল হেকিম মাস্টার নামের আরেক ব্যক্তির জড়িত থাকার কথা উঠে এসেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় পৌর নিকাহ রেজিস্ট্রার (কাজী) গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন যে তাঁর নাম ও সিল জাল করে এ জালিয়াতি চালানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
What's Your Reaction?