যুদ্ধের প্রভাবে ইরানের জিডিপি কমেছে ১০ শতাংশের বেশি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০ দশমিক ১ শতাংশ কমেছে। ইরানের সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা এএফপির খবরে।
ইরানের পরিসংখ্যান কেন্দ্র রবিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, মার্চের শেষ থেকে জুনের শেষ পর্যন্ত এক বছরে দেশটির জিডিপি ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। ইরানের পারস্য বর্ষপঞ্জি অনুযায়ী, এই সময়কে বছরের প্রথম প্রান্তিক হিসেবে গণ্য করা হয়।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে ইরানে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা এবং কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়। এর পর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে।
হামলার জবাবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথে অচলাবস্থার সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। পরে সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
যুদ্ধের প্রভাবের পাশাপাশি ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের সংকটে রয়েছে। দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে এই সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।
What's Your Reaction?