কলম্বিয়ার আন্দিজে দাবানল, হুমকিতে পর্যটন শহর

Sep 21, 2026 - 14:39
 0  5
কলম্বিয়ার আন্দিজে দাবানল, হুমকিতে পর্যটন শহর

কলম্বিয়ার মধ্যাঞ্চলে জনপ্রিয় পর্যটন শহর ভিলা দে লেইভার কাছে একটি বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে প্রায় ২০০ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) আগুন নিয়ন্ত্রণে স্থানীয় দমকলকর্মী, বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা কাজ করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঔপনিবেশিক স্থাপত্য ও পাথরে বাঁধানো রাস্তার জন্য পরিচিত আন্দিজের এই শহরে প্রতি বছর ১০ লাখের বেশি পর্যটক আসেন। শহরের কেন্দ্রীয় চত্বর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল।

ভিলা দে লেইভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার কাছের একটি বনাঞ্চলে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে প্রায় ২৫০ জন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।

স্থানীয় কর্মকর্তা হোসে কাস্ত্রো এএফপিকে বলেন, আগুনে এ পর্যন্ত প্রায় ২০০ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সকালে জানানো ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় এটি চার গুণেরও বেশি।

স্বেচ্ছাসেবকেরা দা ও গাছের ডাল ব্যবহার করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করেন। পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে আগুনে পানি ছোড়া হয়। গভর্নরের কার্যালয়ের দুটি হেলিকপ্টার, সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার এবং বোগোতার দমকলকর্মীরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আগুন নিয়ন্ত্রণে এবং বাসিন্দাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় রাষ্ট্রের সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে।

দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা জানায়, রবিবার বিকেল পর্যন্ত আগুনের ৫০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

নিরক্ষরেখার কাছাকাছি আন্দিজ অঞ্চলে শুষ্ক মৌসুমে বনাঞ্চলে আগুন লাগা সাধারণ ঘটনা। তবে এল নিনো আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে খরা ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়েছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে প্রায় ১৮টি বনাঞ্চলে সক্রিয় দাবানল রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow