শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ পেল বন্যার্ত ৫০০ পরিবার

Sep 20, 2026 - 13:31
 0  4
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ পেল বন্যার্ত ৫০০ পরিবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের চর সেতারাপাড়া, জর্দারপাড়া ও তেলীপাড়ায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে চাল বিতরণের মাধ্যমে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ।

ত্রাণ বিতরণকালে শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোহা. নাহিদুজ্জামান সুমন, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম, সহসভাপতি কামাল উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিউর রহমান রায়হান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক রানা, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক অসিম আলী এবং উজিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বন্যায় উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলের ক্ষতির পাশাপাশি খাদ্যসংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত শহিদ বলেন, বন্যার পানিতে অনেক পরিবারের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ত্রাণ সহায়তা সাময়িকভাবে হলেও তাদের খাদ্যসংকট মোকাবিলায় সহায়তা করবে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার উদ্যোগ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow