সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান

Oct 28, 2026 - 11:55
 0  8
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হয়েছেন এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এদিন দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এলিজা জামানের মনোনয়নের বিষয়টি জানানো হয়।

এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা রয়েছে। তবে যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এই উপনির্বাচনকে সামনে রেখে গত ১৬ অক্টোবর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দলটির ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এলিজা জামান। পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি নিয়ে গঠিত এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাইলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি তিনি। তাঁর বাবা সরদার সুলতান মাহমুদও সাবেক সংসদ সদস্য ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow