হামাস নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা পুনর্গঠনের অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র: জ্যারেড কুশনার
যুক্তরাষ্ট্রের শান্তি বিষয়ক দূত জ্যারেড কুশনার জানিয়েছেন, ফিলিস্তিনের এই ভূখণ্ড সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনের অনুমতি দেবে না। তিনি জোর দিয়ে বলেন, অঞ্চলটি যদি আবারও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে যাওয়ার বা ধ্বংস হওয়ার ঝুঁকিতে থাকে, তবে সেখানে আর কোনো অর্থ বিনিয়োগ করা হবে না।
কায়রোতে হামাস কর্মকর্তাদের সাথে বিরল এক মুখোমুখি বৈঠক এবং তার পরদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে আলোচনার পর কুশনার এ কথা জানান। কুশনারের ভাষ্যমতে, হামাস কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং অস্ত্র ত্যাগের অঙ্গীকার করেছে।
কুশনার স্পষ্টভাবে জানান যে গাজা পুনর্গঠনের জন্য তাদের পরিকল্পনা রয়েছে, তবে নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত সেই পুনর্গঠন কার্যক্রম শুরু করতে দেওয়া হবে না। একই সাথে তিনি উল্লেখ করেন যে কোনো আসন্ন হুমকির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না।
এদিকে ট্রাম্পের ১৫ দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে নেতানিয়াহু জানিয়েছেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্রীকৃত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা ছাড়বে না। অন্যদিকে হামাস দাবি করেছে, অস্ত্র জমা দেওয়ার আগে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং সমস্ত হামলা বন্ধ করাই প্রথম পূর্বশর্ত।
জাতিসংঘের তথ্যানুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজার অন্তত ৯২ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং প্রায় দুই মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
What's Your Reaction?