হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমাল সরকার

Sep 13, 2026 - 14:01
 0  4
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমাল সরকার

হিমাগারে আলু সংরক্ষণের সর্বোচ্চ ভাড়া কেজিপ্রতি ৭৫ পয়সা কমিয়ে ৬ টাকা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। দেড় বছর আগে ২০২৫ সালের ৩ মার্চ তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময় এই ভাড়ার হার নির্ধারণ করা হয়েছিল কেজিপ্রতি ৬ টাকা ৭৫ পয়সা। সরকারের নতুন এই সিদ্ধান্তে চরম আপত্তি জানিয়েছেন হিমাগারগুলোর মালিকদের সংগঠন 'বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন'। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে সারা দেশের কোল্ড স্টোরেজ মালিকদের সম্ভাব্য আয় প্রায় ১৭২ কোটি ৫০ লাখ টাকা কমে যাবে, যার সরাসরি প্রভাবে চরম আর্থিক সংকটে পড়বে সম্ভাবনাময় এই খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ শিল্প।

কৃষি সচিব সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকের সিদ্ধান্তের পর গত ৩১ আগস্ট কৃষি বিপণন অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের সর্বোচ্চ এই ভাড়া (কেজিপ্রতি ৬ টাকা) কার্যকর ঘোষণা করে। কৃষি সচিব জানান, ২৫ জেলার জেলা প্রশাসকদের গঠিত কমিটির সুপারিশ ছিল সাড়ে ৫ টাকা; তবে কৃষকদের বর্তমান লোকসানের বিষয়টি বিবেচনা করে ও মালিকদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে ৬ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে খুচরা বাজারে আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও কৃষকরা মাঠপর্যায়ে মাত্র ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে আলু বিক্রি করে লোকসান গুনছেন।

এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে লিখিত আবেদন পাঠিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী জানান, বর্তমানে হিমাগারগুলোতে ২৩ লাখ টনেরও বেশি আলু সংরক্ষিত রয়েছে। ১ জুন বিদ্যুতের বাণিজ্যিক দর ১৮ শতাংশ বাড়ানোর পর ভাড়া বাড়ানোর আবেদন করা হলেও তা উল্টো কমিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকঋণনির্ভর এই খাতে আয় কমে গেলে অনেক হিমাগার মালিক সময়মতো ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করতে ব্যর্থ হবেন এবং প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার পাশাপাশি ঋণখেলাপির ঝুঁকিতে পড়বেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow