অতিরিক্ত দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন মন্ত্রী না থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলি পরিচালনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয় সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে এই দায়িত্বগুলো পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
What's Your Reaction?