বেলুচিস্তানে ৯৬ ঘণ্টার অভিযানে ৭১ জন সন্ত্রাসী নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পরিচালিত এক ব্যাপক সামরিক অভিযানে গত ৯৬ ঘণ্টায় অন্তত ৭১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ‘অপারেশন শাবান’সহ জিয়ারাত, নোশকি ও ম্যান্ড এলাকায় এই চিরুনি অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী।
আইএসপিআরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর জিয়ারাত ও সংলগ্ন এলাকায় প্রথম অভিযান শুরু হয়। পরবর্তীতে কোয়েটার শাবান এলাকায় ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর বেশ কয়েকটি গোপন আস্তানা চিহ্নিত করে সেনা অভিযান জোরদার করা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র বন্দুকযুদ্ধ হয় এবং ৩৩ জন সন্ত্রাসী মারা পড়ে। এর পাশাপাশি গত ৭২ ঘণ্টায় অভিযান সম্প্রসারণের পর আরও ২৩ জন সন্ত্রাসী নিহত হয়। এর আগে নোশকি এলাকায় চালানো পৃথক অভিযানে ১১ জন এবং ম্যান্ড এলাকায় ৬ জন সন্ত্রাসী নিহত হয় বলে জানা গেছে। এসব এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও তাজা বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।
বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী আরও দাবি করেছে যে, ভারত এবং আফগান তালেবান সরকারের প্রত্যক্ষ মদত ও সহায়তায় এসব সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির নিরাপত্তা নিশ্চিতে ঘোষিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় বহিরাগত শক্তিসমর্থিত সব ধরণের সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই সশস্ত্র অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে বেলুচিস্তানে সেনা অভিযানের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করে স্পষ্ট জানিয়েছেন, যেকোনো মূল্যে দেশ থেকে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক উচ্ছেদ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অপরাধীদের সম্পূর্ণরূপে ধ্বংস করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
What's Your Reaction?