শ্রীলঙ্কার উপকূলের কাছে ৪০ ইরানি নাবিক উদ্ধার, দেশে ফেরার ব্যবস্থা
শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় বিপাকে পড়া ৪০ ইরানি নাবিককে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ইরানে ফেরার ব্যবস্থাও করা হয়েছে। উদ্ধার হওয়া নাবিকদের কয়েকজন চিকিৎসাজনিত জরুরি সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো এ তথ্য জানান। তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলে ইরানি দূতাবাস নাবিকদের উদ্ধারে সহায়তা চেয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯টি জাহাজ থেকে নাবিকদের উদ্ধার করে গল বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে রোববার ভোরে তারা ইরানের উদ্দেশে যাত্রা করেন। তবে কী পরিস্থিতিতে নাবিকেরা বিপাকে পড়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি শ্রীলঙ্কার কর্তৃপক্ষ।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুসহ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া নাবিকেরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেলবাহী ট্যাংকারে কর্মরত ছিলেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসেবে ওয়াশিংটন দেশটির জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উদ্ধার অভিযানের বিষয়ে অবগত শ্রীলঙ্কা সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মানবিক কার্যক্রমে দেশটির নৌবাহিনী ও কোস্টগার্ড সাধারণত সহায়তা দিয়ে থাকে।
এর আগে, চলতি বছরের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। ওই ঘটনার পরও মানবিক কারণে কয়েক ডজন ইরানি নাবিককে উদ্ধার করেছিল শ্রীলঙ্কা।
What's Your Reaction?