সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্ত এলাকা থেকে ট্রলিভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কসমেটিকস বহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলার (ট্রলি) জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গজনী এলাকায় ৩৯ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় রাতে একাধিক টহল দল অবস্থান নেয়। ভোরে একটি পাওয়ার টিলার (ট্রলি) দেখতে পেয়ে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলিতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাওয়া যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ও পাওয়ার টিলার রেখে পালিয়ে যায়।
তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাওয়ার টিলারসহ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।
তিনি আরও বলেন, জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে ময়মনসিংহ বিজিবির সদর দপ্তরে পাঠানো হবে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?